জামুড়িয়ায় পুলিশের জোড়া অভিযান, গাঁজা ও ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই
জামুড়িয়া, ৩ নভেম্বর (হি.স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জামুড়িয়ার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। মাদক বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরপর দুটি অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছ
গাঁজা ব্রাউন সুগার উদ্ধার


জামুড়িয়া, ৩ নভেম্বর (হি.স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জামুড়িয়ার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। মাদক বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরপর দুটি অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযানটি চালানো হয় জামুড়িয়া পাওয়ার হাউস এলাকার একটি মুদিখানার দোকানে। ওই দোকানে মাদক বিক্রি হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় জামুড়িয়া থানার পুলিশ। এরপর সেখানে তল্লাশি চালিয়ে মোট ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় বীরেন্দ্র গৌড় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানটি জামুড়িয়ার আরেকটি এলাকায় চালানো হয়। সেখানে তল্লাশি করে ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দুটি ঘটনাতেই ধৃতদের মাদক কারবারের সঙ্গে কী ধরনের যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং সেগুলি কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা চলছে। তবে দ্বিতীয় অভিযানে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ এবং ধৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande