
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : এফএমসিজি সেক্টরে ব্যাপক কেনাকাটা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কর (এলটিসিজি)-এ স্বস্তি মিলবে—এমন জোরালো আশ্বাসের জেরে ভারতীয় শেয়ার বাজার মঙ্গলবার টানা চতুর্থ কার্যদিবসে দুর্দান্ত ঊর্ধ্বমুখী গতিতে বন্ধ হতে সফল হয়েছে।
মঙ্গলবার বাজারে সার্বিক চাঙ্গা ভাব বজায় ছিল, যার ফলে হেভিওয়েট বা বড় সংস্থার শেয়ারের পাশাপাশি মিডক্যাপ এবং স্মলক্যাপ শেয়ারগুলিতেও কেনাকাটা লক্ষ্য করা গেছে। যার জেরে সেনসেক্স ও নিফটি—উভয় প্রধান সূচকই দিনের সর্বোচ্চ স্তরে (ডে-হাই) পৌঁছে লেনদেন শেষ করেছে। বাজার জুড়ে এই ঝোড়ো গতির জেরে আজ একদিনেই লগ্নিকারীদের মোট সম্পত্তি প্রায় চার লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
এদিন লেনদেনের শুরু থেকেই বাজারে বেশ ইতিবাচক প্রভাব বজায় ছিল। হেভিওয়েট শেয়ারগুলিতে ক্রেতাদের আগ্রহ থাকায় সেনসেক্স ও নিফটি উভয় সূচকই সারাদিন সবুজ জোনেই ঘোরাফেরা করে। যদিও দিনের নির্দিষ্ট কিছু সময়ে সামান্য প্রফিট বুকিং দেখা গেলেও, শেষ ১৫ মিনিটের ট্রেডিংয়ে ক্রেতারা ব্যাপকহারে কেনাকাটা শুরু করেন যে দুটি সূচকই সরাসরি দিনের সর্বোচ্চ স্তরে গিয়ে স্থির হয়। দিনশেষে সেনসেক্স ১.৬২ শতাংশ এবং নিফটি ১.৫৮ শতাংশের শক্তিশালী অগ্রগতি নথিভুক্ত করে।
বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স এদিন ৫৯৫.৮৭ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ চড়ে ৭৬,২৮৮.৬৫ পয়েন্টে যাত্রা শুরু করে। বাজার খুলতেই শেয়ার কেনার হিড়িক পড়ে যাওয়ায় সূচক দ্রুত ওপরে উঠতে থাকে। তবে লেনদেনের মাঝে মুনাফা তোলার প্রবণতা দেখা দেওয়ায় সেনসেক্স কিছুটা পিছিয়ে ৭৬,০৩৩.৭৪ পয়েন্ট পর্যন্ত নেমেছিল। এর পরেই এফএমসিজি এবং প্রাইভেট ব্যাঙ্ক সেক্টরের হেভিওয়েট শেয়ারগুলিতে ফের তুমুল কেনাকাটা শুরু হয়। বিশেষ করে শেষলগ্নে ক্রেতাদের প্রবল চাপে সেনসেক্স ১,২২৫.০৭ পয়েন্ট বা ১.৬২ শতাংশ লাফিয়ে ৭৬,৯১৭.৮৫ পয়েন্টের ডে-হাই স্তরে বন্ধ হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি