
দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.): উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। কর্মচারীদের স্বার্থে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই সিদ্ধান্তের ফলে উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৬৩ শতাংশে। সংশোধিত এই বর্ধিত হার গত ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করেছিল, যা ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর হয়েছিল। কেন্দ্রের সেই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে সমপরিমাণ ডিএ দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের সুবিধা শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই পাবেন না; স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার-পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউজিসি স্কেলে বেতন পাওয়া সমস্ত যোগ্য কর্মী ও আধিকারিকরাও এর আওতায় আসবেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া মহার্ঘ ভাতার (অ্যারিয়ার্স) অর্থ যোগ্য কর্মীদের সরাসরি নগদে মেটানো হবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক কর্মচারী ও শিক্ষক মহলে স্বস্তির আবহ তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ