
কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : মালদা টাউন স্টেশনে তেজস রাজধানী এক্সপ্রেস থেকে ৭ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। এই ঘটনায় দু’জন পুরুষ ও এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।এদিকে, পূর্ব রেল সূত্রেই খবর, গত তিন নভেম্বর আনন্দ বিহার টার্মিনাল - তেজস রাজধানী এক্সপ্রেস (২০৫০১) মালদা টাউনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে আরপিএফ ও জিআরপি-র যৌথ দল যাত্রীদের উপর নজরদারি করতে থাকে। তৎকালীন সময়েই ভারী প্লাস্টিকের বস্তা নিয়ে তিনজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তল্লাশিতে ২৪টি প্যাকেটে মোট ১৫.৩৪০ কেজি গাঁজা উদ্ধার হয়।
অন্যদিকে, ধৃতেরা হল নীতিশ কুমার (২৬), খুশো বিন্দ (৪৩) ও গুঞ্জন দেবী (৪৩)। প্রাথমিক পরীক্ষায় মাদক হিসেবে গাঁজার উপস্থিতি নিশ্চিত হয়। ৪ নভেম্বর এনডিপিএস আইনে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বৃহস্পতিবার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, মাদক পাচার রুখতে রেলপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত