
বেলদা (পশ্চিম মেদিনীপুর), ৫ নভেম্বর (হি.স.): চলন্ত ট্রেনের কামরা থেকে দুটি বাঁশের ঝাঁপিবন্দি অজগর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে। বৃহস্পতিবার ১৮০৩৮ আপ জাজপুর রোড–খড়্গপুর এক্সপ্রেস ট্রেনটি বেলদা স্টেশনে এসে পৌঁছলে যাত্রীদের নজরে আসে কামরার মধ্যে বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকা দুটি সন্দেহজনক বাঁশের ঝাঁপি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ট্রেনের কামরা ও স্টেশন চত্বরে হুড়োহুড়ি ও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে খড়্গপুরগামী ওই ট্রেনের একটি কামরায় যাত্রীরা আসন বা মেঝের কাছে দুটি মুখবন্ধ বাঁশের ঝাঁপি দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে সেগুলি খুলতেই দেখা যায়, ভেতরে কুণ্ডলী পাকিয়ে রয়েছে দুটি তাজা অজগর সাপ। ট্রেনের কামরায় বিশালাকার অজগরের উপস্থিতির খবর চাউর হতেই আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করেন এবং ট্রেন বেলদা স্টেশনে থামতেই কামরা থেকে নেমে পড়েন।
তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষকে। রেল আধিকারিকদের তৎপরতায় সাপভর্তি ঝাঁপি দুটিকে সাবধানে কামরা থেকে নামিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। এরপর খবর পৌঁছায় বনদফতরের কাছে। বেলদা রেঞ্জের বনকর্মীরা দ্রুত স্টেশনে গিয়ে অজগর দুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
তবে জনবহুল ট্রেনের কামরায় কে বা কারা, কী উদ্দেশ্যে এবং কোথা থেকে এই অজগর দুটিকে নিয়ে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যেই এই সাপ দুটিকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেলদা রেঞ্জের বনদফতর ও রেল পুলিশ। বন দফতর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগর দুটির শারীরিক অবস্থা পরীক্ষা করার পর তাদের নিরাপদ গভীর জঙ্গলে অবমুক্ত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ