
নবদ্বীপ, ৫ নভেম্বর (হি.স.): শরীরচর্চা সেরে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নবদ্বীপ পুরসভার দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায়। নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা (২০) ও সুরজিৎ দে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিত্য নবদ্বীপ শহরের চটির মাঠ পালপাড়া এলাকার বাসিন্দা এবং সুরজিতের বাড়ি দণ্ডপাণিতলা কাঁসারিপাড়ায়। প্রতিদিনের মতো এদিন সকালেও তাঁরা কর্মমন্দির মাঠে শরীরচর্চা করতে গিয়েছিলেন। শরীরচর্চা শেষে দু’জনে একসঙ্গে ভাগীরথীর ঘাটে স্নান করতে নামেন। সেই সময় নদীর প্রবল স্রোতের তোড়ে আচমকাই দু’জন তলিয়ে যান। ঘাটে উপস্থিত অন্যান্যরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলেও তাঁদের আর নাগাল পাওয়া যায়নি।
এদিকে ঘটনার আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ডুবুরি বা বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে না পৌঁছানোয় চরম উত্তেজনা ছড়ায়। উদ্ধারকাজে গাফিলতি ও বিলম্বের অভিযোগে নিখোঁজ যুবকদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং স্থানীয় নৌকা ও জাল ফেলে প্রাথমিক তল্লাশি শুরু করেছে। দুই তরুণের এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ