
কাঠমান্ডু, ৬ নভেম্বর ( হি.স.) : নেপালের কাঠমান্ডুস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য চালু করা হলো এক অভিনব সুবিধা। এখন থেকে বিমান থেকে নামার পর নিজেদের ব্যাগেজ বা ট্রলি ব্যাগ কীভাবে হ্যান্ডলিং করা হচ্ছে, তা সরাসরি স্ক্রিনে দেখতে পাবেন যাত্রীরা। ব্যাগেজ ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল এবং যাত্রী-বান্ধব করে তুলতেই অ্যারাইভাল হলের 'ব্যাগেজ ক্লেইম' এলাকায় চালু করা হলো 'লাইভ ফিড' ব্যবস্থার।
নতুন এই ব্যবস্থার ফলে আন্তর্জাতিক উড়ানে নেপাল পৌঁছানো পর যাত্রীরা দেখতে পাবেন বিমান থেকে বেরোনোর পর তাঁদের ব্যাগগুলি কোন প্রক্রিয়ায় ব্যাগেজ বেল্ট পর্যন্ত পৌঁছচ্ছে। এর ফলে যাত্রীরা খুব সহজেই তাঁদের ব্যাগ চিনতে পারবেন। এর পাশাপাশি বেল্টে ব্যাগ পৌঁছতে কতটা সময় লাগতে পারে, তারও একটি হিসাব পেয়ে যাবেন যাত্রীরা ।
এতদিন পর্যন্ত বিমান থেকে নামার পর ব্যাগ বেল্টে আসতে ঠিক কতক্ষণ সময় লাগবে, সে বিষয়ে যাত্রীদের কাছে কোনো আগাম তথ্য থাকত না। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় বহু যাত্রীকে পড়তে হতো বিভ্রান্তির মুখে । তবে নতুন এই লাইভ ফিড ব্যবস্থার মাধ্যমে অ্যারাইভাল হলে বসেই ব্যাগেজ ড্রপ এলাকার সমস্ত কার্যক্রম স্বচক্ষে দেখতে পাবেন যাত্রীরা। এই উদ্যোগ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দেশি-বিদেশি যাত্রীদের পরিষেবা পাওয়ার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এমনটাই আশা রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক