
মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। সেই অপেক্ষার মাঝেই জোরালো ইঙ্গিত মিলল—পরিচালক জোয়া আখতার বহুল প্রতীক্ষিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ ছবির প্রথম খসড়া সম্পূর্ণ করেছেন।
জানা গেছে, সিক্যুয়েলের গল্প এবার বন্ধুত্বের নতুন মাত্রা ও জীবনের পরিণত পর্যায়কে কেন্দ্র করে এগোবে। ছবিতে ঋতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওলের চরিত্রগুলি এবার চল্লিশের কোঠায় দেখা যেতে পারে এবং সময়ের সঙ্গে তাঁদের জীবনে আসা পরিবর্তনই গল্পের মূল উপজীব্য হবে।
আরও জানা গেছে, জোয়া আখতার শুধুমাত্র নস্টালজিয়ার উপর ভর করে এই ছবি নির্মাণ করতে চান না। বরং সময়, সম্পর্ক এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা আবেগ ও পরিণত বোধকে গুরুত্ব দিতে চান তিনি।
যদিও এখনও পর্যন্ত ছবির সিক্যুয়েল নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে জানা গিয়েছে, মূল অভিনেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। নির্মাতাদের লক্ষ্য একই ত্রয়ীকে আবার পর্দায় ফিরিয়ে আনা। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি বছরের শেষের দিকেই ছবির কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এদিকে, জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে এই খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে উৎসাহ নতুন করে বেড়েছে। এখন সকলের নজর নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য