
হাফলং (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আগামী মার্চ বা এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। আর নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে শাসক-বিরোধী সহ প্রত্যেকটি দল নির্বাচনের রণ কৌশল প্রস্তুত করতে ব্যস্ত। তার মধ্যে ডিমা হাসাও জেলায় শাসক বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাগযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস সরকারের আমলে ডিমা হাসাও জেলার জমি বহিরাগত কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। এবার তাঁর অভিযোগের জবাব দিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক নির্মল লাংথাসা।
হাফলঙে রাজীব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নির্মল লাংথাসা বলেন, কংগ্রেস সরকারের সময় ডিমা হাসাও জেলায় ভারত সরকারের অধীনস্ত নিপকো-কে জমি বরাদ্দ করা হয়েছে। তাছাড়া উমরাংসো কয়লা খনি এমডিসির কাছে হস্তান্তর করা হয়েছিল স্থানীয় মানুষের রোজগারের কথা মাথায় রেখে। সে সময় যদি কয়লা খনি এএমডিসিকে হস্তান্তর করা না হতো, তা-হলে তা চলে যেত কোল ইন্ডিয়ার কাছে। তাছাড়া ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর শাসনামলে উত্তর-পূর্বাঞ্চল সহ অসমে বিদ্যুতের প্রয়োজনীয়তা দেখে উমরাংসোতে ভারত সরকারের অধীনস্ত নিপকো-র মতো প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ করা হয়েছিল স্থানীয় মানুষের ভবিষ্যতের কথা মাথায় রেখে। তবে বিজেপি সরকারের মতো উপজাতি জনগোষ্ঠীর মানুষের জমি ব্যক্তিগত কোম্পানি বা উদ্যোগপতিদের হাতে বিক্রি করে দেয়নি কংগ্রেস।
নির্মল লাংথাসার পাল্টা অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই গ্রামবাসীদের না জানিয়ে উপজাতি জনগোষ্ঠীয় মানুষের জমি পাহাড়ি এই জেলার সম্পদ ব্যক্তিগত কোম্পানি বা বহিরাগত উদ্যোগপতিদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে।
দেবোলাল গার্লোসার অভিযোগ ছিল, কংগ্রেসের আমলে উমরাংসোতে জেপি সিমেন্ট কোম্পানিকে বরাদ্দকৃত জমি বিজেপি সরকার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সম্পর্কে কংগ্রেস নেতা নির্মল লাংথাসা বলেন, জেপি সিমেন্ট কোম্পানি কেন উমরাংসোতে সিমেন্ট উদ্যোগ স্থাপন করতে পারেনি। কারণ জেপি সিমেন্টের প্রজেক্ট ম্যানেজারকে সে সময় অপহরণ করে হত্যা করার জন্যই ওই সিমেন্টের উদ্যোগ স্থাপন করা সম্ভব হয়নি।
বিজেপি বলছে কংগ্রেসের দিনে উগ্রপন্থী সমস্যার দরুন এ সব কাজ হয়নি। এ প্রসঙ্গে নির্মল বলেন, সে সময় কারা উগ্রপন্থী ছিল তা সকলেরই জানা। তিনি বলেন, কংগ্রেস সরকারই উগ্রপন্থী সমস্যার সমাধান করেছে। কংগ্রেস সব সময় ত্যাগ স্বীকার করে, কংগ্রেস নেতারা জীবন বলিদান দিয়েছেন। এটাই বিজেপি ও কংগ্রেসের মধ্যে পার্থক্য বলে দাবি করে নির্মল লাংথাসা বলেন, বিজেপি সরকারের যেভাবে উপজাতি জনগোষ্ঠীর জমি ও সম্পদের ওপর চোখ পড়েছে এতে আমাদের ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, শুধু উন্নয়ন উন্নয়ন বলে কী হবে? কংগ্রেস উন্নয়নের বিরোধী নয়। তবে উপজাতি জমির অধিকার সুরক্ষিত করার পাশাপাশি আর্থিক উন্নয়ন জরুরি।
নির্মল বলেন, বিজেপি বলছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে পাহাড়ি জেলায়। তবে এ সব বৃহৎ প্রকল্পে স্থানীয়দের কি কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী অসমিয়া সেন্টিমেন্ট নিয়ে অসমিয়াদের ঠিকাদার বানিয়েছেন যাঁরা কোটি কোটি টাকা রোজগার করছে। কিন্তু ডিমা হাসাও জেলায় দেবোলাল গার্লোসা ডিমাসা সেন্টিমেন্ট নিয়ে কতজন ঠিকাদারকে বড় বড় প্রকল্পে কাজের সুযোগ করে দিয়েছেন? প্রশ্ন করেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক নির্মল লাংথাসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব