মাদক বিরোধী বার্তা ছড়াতে অভিনব উদ্যোগ: উস্থিতে শিরাকোল ট্রাফিক গার্ডের বর্ণাঢ্য পদযাত্রা
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে অভিনব এক কর্মসূচির আয়োজন করল শিরাকোল ট্রাফিক গার্ড। পুলিশের উদ্যোগে সোমবার উস্থিতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার নেতৃত্বে ছিলেন শ
শিরাকোলে


কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে অভিনব এক কর্মসূচির আয়োজন করল শিরাকোল ট্রাফিক গার্ড। পুলিশের উদ্যোগে সোমবার উস্থিতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার নেতৃত্বে ছিলেন শিরাকোল ট্রাফিক গার্ডের ওসি পারভেজ আলি মণ্ডল। স্কুল-কলেজের পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সামগ্রিক ব্যবস্থাপনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ‘বিবেকানন্দ কালচারাল ফোরাম’।

​এদিনের পদযাত্রা থেকে নেশার কুফল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা। বিশেষ করে কিশোর বয়সে মাদকাসক্তির ঝুঁকি এবং এর ফলে শারীরিক ও মানসিক ক্ষতির দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির শেষে পড়ুয়ারা প্রতিবেদন পাঠ, সংক্ষিপ্ত বক্তব্য এবং আবৃত্তির মাধ্যমে সমাজকে নেশামুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে।

​এই প্রসঙ্গে বিবেকানন্দ কালচারাল ফোরামের সম্পাদক পঞ্চানন বন্দ্যোপাধ্যায় বলেন, “নেশা বর্তমান সমাজের জন্য এক অশনিসঙ্কেত। একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে এখনই সচেতন হওয়া জরুরি।” একই সুরে ফোরামের সাংস্কৃতিক সম্পাদক আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ এলাকার বিশিষ্টজনেরা পুলিশের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

​পুলিশ সূত্রে খবর, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, প্রশাসন ও সামাজিক সংগঠনের এই যৌথ প্রয়াস নেশামুক্ত সমাজ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande