
২০ সহস্রাধিক কার্যকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন
২০২৬-এর নির্বাচনে ‘মিঞা সভ্যতা বনাম অসমিয়া সভ্যতা’র লড়াই : অসম বিজেপি
গুয়াহাটি, ১৭ ফেব্ৰুয়ারি (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে তৎপরতা অব্যাহত রেখেছে ভারতীয় জনতা পার্টি। দলের কার্যকর্তাদের মনোবল বৃদ্ধি করতে আগামীকাল ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি দু দিনের সফরে ডিব্রুগড় আসছেন দলের জাতীয় সভাপতি নীতিন নবীন।
দলীয় মুখপাত্র কল্যাণ গগৈ আজ মঙ্গলবার বিজেপির সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়ে জানান, আগামীকাল বেলা একটায় নীতিন নবীন ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে প্রায় দু হাজার কার্যকর্তা ও সাংস্কৃতিক দলের সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানাবেন। এর পর খনিকর চারিআলিতে পৌঁছলে ১৫টি সাংস্কৃতিক দল তাঁকে স্বাগত জানাবে। সেখান থেকে একটি খোলা গাড়িতে করে তিনি মানকটা ময়দানে পৌঁছে ভারতীয় জনতা পার্টি, অসম প্রদেশ আয়োজিত পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে অংশ নেবেন। প্রায় ২০,০৮৫ জন পৃষ্ঠাপ্রমুখ এই সম্মেলনে উপস্থিত থাকবেন, জানান কল্যাণ গগৈ।
গগৈ জানান, পরবর্তী পর্যায়ে ডিব্রুগড় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে অংশ নেবেন নীতিন নবীন। সন্ধ্যা সাতটায় ডিব্রুগড় এবং লখিমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দলের প্রভারি, সহ-প্রভারি এবং অন্যান্য কাৰ্যকৰ্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন তিনি।
১৯ ফেব্রুয়ারি সকাল ৯-টায় বারেকুড়ি নামঘরে প্রার্থনা নিবেদন করে সকাল ১০টায় সর্বানন্দ সিংহের সমাধিতে শ্রদ্ধা জানাবেন নীতিন। বেলা ১১টায় মনোহরী চা বাগানের অন্তর্গত একটি বুথে দলীয় কাৰ্যকৰ্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁর অসম সফর শেষ হবে। মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, জাতীয় সভাপতির এই সফর দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সাংবাদিক সম্মেলনে কল্যাণ গগৈ প্রদেশ কংগ্রেসের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করে বলেন, দলটি ‘মিঞা সভ্যতা’র দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে ‘মিঞা সভ্যতার বাহক’ বলে অভিহিত করেন। তাঁর দাবি, যখন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার ‘মিঞা সভ্যতা’র বিরুদ্ধে লড়াই করছে, তখন কংগ্রেস নেতৃত্ব ‘মিঞা তুষ্টিকরণ নীতি’ গ্রহণ করে জাতিবিরোধী অবস্থান স্পষ্ট করছে।
মুখপাত্র কল্যাণ গগৈয়ের ভাষায়, ২০২৬ সালের নির্বাচন হবে ‘মিঞা সভ্যতা বনাম অসমিয়া সভ্যতা’র লড়াই। তিনি কংগ্রেসে থাকা ‘স্বাভিমানী অসমিয়া’দের বিজেপিকে সহযোগিতা করে এই লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনকুমার বরা কংগ্রেস ত্যাগ করায় তাঁকে ‘স্বাভিমানী অসমিয়া’ আখ্যা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র কল্যাণ গগৈ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস