
আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : এমজিএনরেগা বাঁচাও সংগ্রামকে সামনে রেখে মঙ্গলবার কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলায় লোকভবন অভিযান কর্মসূচি পালিত হয়। এদিন আস্তাবল ময়দানের সামনে থেকে একটি র্যালি বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুদ্ধ মন্দির এলাকায় এসে শেষ হয়। সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।
পথসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ককবরক ভাষায় রোমান হরফ প্রয়োগের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, রোমান হরফ নিয়ে যারা নতুন স্ক্রিপ্ট তৈরির কথা বলছে কিংবা ইংরেজিকে বিদেশি ভাষা বলে আপত্তি তুলছে, তাদের বক্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তাঁর অভিযোগ, এ ধরনের মন্তব্য করে জনজাতি সমাজের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি জানান, ভাষা কমিশনের রিপোর্টেও ককবরক ভাষায় রোমান হরফ চালুর সুপারিশ করা হয়েছিল, কিন্তু সরকার এই বিষয়ে অনীহা দেখাচ্ছে। বর্তমানে জনজাতি জনগোষ্ঠী যখন ভাষাগত অধিকার দাবি করছে, তখন এ নিয়ে আপত্তি তোলা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। সুদীপ রায় বর্মন বলেন, যদি ইংরেজিকে বিদেশি ভাষা বলা হয়, তবে প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত কাজ বাংলা ও ককবরক ভাষায় পরিচালনার ব্যবস্থা করা উচিত।
এছাড়াও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত রোমান হরফ চালু হবে না। উন্নয়নের প্রশ্নে শাসক ও শরিক দলের মধ্যে যে বিরোধের সুর শোনা যাচ্ছে, তা জনগণের সঙ্গে এক ধরনের ‘গটআপ গেম’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, খুব শীঘ্রই সাধারণ মানুষ এই বিষয়টি বুঝতে পারবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ