
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর ৬০তম সমাবর্তন মঙ্গলবার কলকাতার আইএসআই সদর দফতরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিসংখ্যান, গণিত, কম্পিউটার বিজ্ঞান, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, গুণমান ব্যবস্থাপনা এবং অপারেশনস রিসার্চ-সহ বিভিন্ন শাখায় মোট ৫৬৮ জন সফল শিক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হয়।
জাতীয় জীববিজ্ঞান কেন্দ্র, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর সিনিয়র ভিজিটিং অধ্যাপক, পদ্মভূষণ প্রফেসর পদ্মনাভন বলরাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি স্নাতকদের উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি, বিজ্ঞান ও সমাজে অর্থবহ অবদান রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সায়েন্স চেয়ার, আইএসআই-এর প্রাক্তন নির্দেশক ও সভাপতি প্রফেসর শঙ্কর কুমার পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ডিগ্রি ও ডিপ্লোমা শংসাপত্র হস্তান্তর করেন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর অয়নেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠানের বার্ষিক ফলাফল উপস্থাপন করেন, যেখানে প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণায় সাফল্যের পাশাপাশি, আন্তর্জাতিক সহযোগিতা এবং এই শিক্ষাবর্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ সম্মেলনগুলির উল্লেখ করা হয়। অধ্যয়ন বিষয়ক ডিন অধ্যাপক বিশ্বব্রত প্রধান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন করেন।
প্রদত্ত ডিগ্রিগুলির মধ্যে ছিল ৪৫টি পিএইচডি, ৩৬টি মাস্টার অফ ম্যাথেমেটিক্স, ৫৯টি মাস্টার অফ স্ট্যাটিস্টিক্স এবং ৩৯টি ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিক্স (সাম্মানিক) ডিগ্রি। এছাড়াও ক্রিপ্টোলজি বা সাংকেতিক ভাষা অধ্যয়ন সংক্রান্ত বিদ্যা ও সিকিউরিটি, বিজনেস অ্যানালিটিক্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের মতো উদীয়মান ক্ষেত্রে একাধিক এম.টেক., এম.এস. এবং স্নাতকোত্তর ডিপ্লোমা প্রদান করা হয়।
নিজের বক্তব্যে অধ্যাপক পাল ইনস্টিটিউটের বহুকেন্দ্রিক চরিত্র এবং বিভিন্ন কেন্দ্রে উচ্চমানের গবেষণা ও শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ডেটা সায়েন্স-সহ বিভিন্ন ক্ষেত্রে আয়োজিত বহু উচ্চপর্যায়ের জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র, গবেষণাগার এবং সরকারি সংস্থার সঙ্গে কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথাও তুলে ধরা হয়।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা স্নাতকদের অভিনন্দন জানানোর পাশাপাশি, দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক স্তরে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে তাদের জ্ঞান প্রয়োগ করার আহ্বান জানান। তাঁরা প্রতিষ্ঠানের উৎকর্ষ, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার ঐতিহ্য বজায় রাখার জন্যও উৎসাহিত করেন।
উল্লেখ্য, ১৯৩১ সালে প্রফেসর পি. সি. মহালানবিশ প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট ভারতে পরিসংখ্যান, গণিত, কম্পিউটার সায়েন্স এবং আন্তঃবিষয়ক গবেষণার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি, নীতিনির্ধারণ, বৈজ্ঞানিক উন্নয়ন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ