
পাথারকান্দি (অসম), ১৭ ফেব্ৰুয়ারি (হি.স.) : আজ মঙ্গলবার দুপুরে শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন কানাইবাজারে অবস্থিত কানাই আখড়ার সামনে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গেছে, একটি পেট্রোলচালিত অটোরিকশা শ্রীভূমি থেকে পাথারকান্দি আসার পথে সামনে আরেকটি অটোকে ওভারটেক করে। ওভারটেক করতে গিয়ে সামনের অটোটিকে ধাক্কা মেরে দুর্ঘটনা সংঘটিত করে। সামনের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মিনিট্রাকে গিয়ে ধাক্কা দেয়।
এদিকে মূল ঘটনাকারী অটোটিও ফের আরেকটি অটোকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানা থেকে পুলিশের একটি দল গিয়ে তিনটি গাড়িকে নিজেদের জিম্মায় নিয়েছে। এ ঘটনায় জিপিএফ-এর সভাপতি তথা ছাত্রনেতা বদরুল হক ট্রাফিক বিধি না মেনে যানবাহন চালনা করে দুর্ঘটনা সংঘটিত করার জন্য বেপরোয়া চালকদের দায়ী করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস