
কৈলাসহর (ত্রিপুরা), ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় খেলাধুলার পরিবেশ এখন আমূল পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন খেলায় পরিকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে—মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহরের আর.কে.এম. ময়দানে পদ্মজং মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
তিনি বলেন, একসময় খেলাধুলায় রাজ্য অনেক পিছিয়ে থাকলেও বর্তমানে অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। জনজাতি এলাকাগুলিতেও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বহু বছর পর পদ্মজং ফুটবল প্রতিযোগিতা পুনরায় আয়োজন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের উদ্যোগের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে একাধিক সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ নির্মাণ করা হয়েছে এবং পরিকাঠামোর পাশাপাশি মানোন্নয়নেও সরকার কাজ করছে।
ফাইনাল ম্যাচের হাফ টাইমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, খেলাধুলার মাধ্যমে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যেই সরকার এগোচ্ছে। পরিকাঠামো উন্নয়নের ফলে রাজ্যে এখন ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, জেলা পরিষদ সদস্য বিমল কর, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায়, জেলাশাসক ড. তমাল মজুমদার, পুলিশ সুপার সুদাম্বিকা আর এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ