
ঝাড়গ্রাম, ১৭ ফেব্রুয়ারি (হি: স) : সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ সহজে পান ও সঠিকভাবে জানতে পারেন, সেই লক্ষ্যে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। যুবসাথী প্রকল্পের ক্যাম্পে আবেদনকারীদের সহযোগিতার জন্য আলাদা সহায়তা শিবির করে নিজে উপস্থিত থেকে নানা খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দিতে দেখা গেল তাঁকে।
মঙ্গলবার জামবনি ব্লকের গিধনি বিডিও অফিস প্রাঙ্গণে চলা যুবসাথী ক্যাম্পে অফিস ক্যাম্পাসের বাইরে পৃথক সহায়তা শিবিরে বসে আবেদনকারীদের পাশে দাঁড়ান বিধায়ক। তিনি সরাসরি তরুণ-তরুণীদের সমস্যা শোনেন ও প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।
এদিন বিকেলে বিধায়ক জামবনি ব্লকের দুবড়া অঞ্চলের খাটখুড়া গ্রামে পৌঁছে ‘লক্ষী এল’ উন্নয়ন পাঁচালি কর্মসূচিতে অংশ নেন। সেখানে গ্রামবাসীদের একত্র করে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, যুবসাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তৈরি পাঁচালির ভিডিও প্রদর্শন করা হয়।
এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জামবনি ব্লক যুব তৃণমূলের সভাপতি হিমাংশু দত্ত, জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিহির মাহাতো, দুবড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বুবুন মালাকার, অঞ্চল যুব তৃণমূল সভাপতি সুরজি রানা, দুবড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ধ্রুবজ্যোতি রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো