
ঝাড়গ্রাম, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রামের জামবনিতে ট্রেনে কাটা পড়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের টাটানগর–খড়গপুর শাখার খাটখুরা ও গিধনী স্টেশনের মাঝামাঝি গোপালপুর এলাকায় রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কার্তিক মুর্মু (৩৫)। তাঁর বাড়ি গোপালপুর সংলগ্ন সাহাড়ি গ্রামে। তিনি জামবনি থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে আপ ঘাটশিলা লোকাল ট্রেনের ধাক্কায় তিনি কাটা পড়েন। ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম জিআরপি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো