
নয়ডা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় এক র্যাপিডো বাইক চালকের উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীরা মারধর করে, এমনকি ছুরিকাঘাতে ওই চালককে গুরুতর জখম করে। তারপর তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেল লুট করে পালায়।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, কুশল নামে ওই র্যাপিডো চালক গ্যালাক্সি চকের কাছে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা লুট করা হয়।
আহত কুশলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য