
হাফলং (অসম), ২২ ফেব্ৰুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলায় ফের সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার’ (ডিএনএলটি)। এক ভিডিও বার্তায় এই জঙ্গি সংগঠনের জানান দিয়েছে ডিএনএলটির স্বঘোষিত তথ্য ও প্রচারসচিব খুরাং ডিমাসা।
অজ্ঞাত জঙ্গলে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এক ভিডিও বার্তায় নিজেকে ডিএনএলটির স্বঘোষিত তথ্য ও প্রচারসচিব পরিচয় দিয়ে খুরাং ডিমাসা বলেছে, ২০২২ সালে ডিএনএলটি জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করার পর এবার পুনরায় নতুনভাবে সংগঠিত হয়ে ডিমাসা জনগোষ্ঠীর অধিকার, পরিচয় ও ভবিষ্যৎ সুরক্ষায় তারা সক্রিয় হয়ে উঠেছে। খুরাং ডিমাসা জানিয়েছে, পূর্ব ও পশ্চিম কারবি আংলং এবং ডিমা হাসাও জেলাকে নিয়ে সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে রাজ্যের মধ্যে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে।
জঙ্গি সংগঠনটির নেতা খুরাং ডিমাসার মতে, সংবিধান সংশোধনী আইন ১৯৬৯ অনুসারে কারবি আংলং ও ডিমা হাসাও জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে সংবিধানে। এই অবস্থায় পৃথক রাজ্য গঠনের বিষয়টি তাদের নায্য দাবি। সরকার নির্বাচনের আগে রাজ্যের ভিতরে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানিয়ে ওই জঙ্গি নেতা বলে, সামনেই বিধানসভা নির্বাচন। অথচ সরকার এখনও পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টির সফল রূপায়ণ করেনি।
এই অভিযোগ উত্থাপন করে খুরাং ডিমাসা জানিয়েছে, তাই ডিএনএলটি নতুন প্রতিশ্রুতি নিয়ে পুনরায় সংগঠিত হয়ে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তাদের এই লড়াইয়ে কারবি আংলং ও ডিমা হাসাও জেলার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে খুরাং ডিমাসা বলেছে, পৃথক স্বশাসিত রাজ্য গঠন না-হওয়া পর্যন্ত তারা কোনও অবস্থায় অস্ত্র ত্যাগ করবে না এবং এই সংগ্রাম অব্যাহত থাকবে।
ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনটির তথ্য ও প্রচারসচিব ইন্ডিজেনাস পিপলস ফোরামকে সতর্ক করে দিয়ে বলেছে, আমাদের মাতৃভূমিতে থেকে ডিমা হাসাও জেলাকে দুভাগ করে পৃথক জেলা গঠনের দাবি অনৈতিক। তাই ইন্ডিজেনাস পিপলস ফোরাম পৃথক জেলা গঠনের আন্দোলন থেকে সরে এসে যাতে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিকে সমর্থন করে, এই আহ্বান জানিয়েছে খুরাং ডিমাসা।
জঙ্গি নেতা ভিডিও বার্তায় বলেছে, ইতিমধ্যে তারা কারবি আংলং ও ডিমা হাসাও জেলার বনাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। তাদের সদস্যরা কারবি আংলং ও ডিমা হাসাও জেলার জঙ্গলে ডিএনএলটির জঙ্গি সদস্যরা ঘাঁটি করে আছে। খুরাং ডিমাসা আসাম পুলিশের উদ্দেশে বলেছে, অভিযানের নামে যাতে জঙ্গি সদস্যদের পরিবারকে কোনও ভাবে হেনস্তা করা না হয়। না-হলে এর পরিনাম ভয়ংকর হবে বলে ভিডিও বার্তায় হুঁশিয়ারি প্রদান করেছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগারের তথ্য ও প্রচারসচিব খুরাং ডিমাসা।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত দিহাখুতে পুলিশের সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীর গুলির লড়াই সংঘটিত হয়েছিল। পুলিশের সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীর গুলি বিনিময়ে মারদীপ নুনিসা নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল। ঘটনার দুদিন পুলিশ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে গ্রেফতার করে। ১৬ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে গোলাগুলি সংঘটিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে ৫৬ রাইফেল, ম্যাগজিন, সক্রিয় গুলি, কাপড়, টর্চলাইট ও একটি ব্যাগ উদ্ধার করেছিল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব