পূর্ব কলকাতা ও সংলগ্ন জলাভূমি এলাকা বাঁচাতে আন্দোলনের ডাক
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব কলকাতার জলাভূমি এলাকার বাসিন্দাদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান করল পূর্ব কলকাতা জলাভূমির মানুষের মৌলিক অধিকার রক্ষা কমিটি। রবিবার এক সমাবেশের পর আয়োজক সংগঠনের সম্পাদক তাপস মন্ডল জান
জলাভূমির মানুষের মৌলিক অধিকার রক্ষা কমিটি


কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব কলকাতার জলাভূমি এলাকার বাসিন্দাদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান করল পূর্ব কলকাতা জলাভূমির মানুষের মৌলিক অধিকার রক্ষা কমিটি।

রবিবার এক সমাবেশের পর আয়োজক সংগঠনের সম্পাদক তাপস মন্ডল জানান, পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের মৌলিক অধিকার আজ সংকটের মুখে। CS, RS ও LR নথিভুক্ত জমির শ্রেণী—বাস্তু, বাগান, ডাঙা, শালি প্রভৃতি—বিনা যথাযথ যাচাই ও সমীক্ষায় জলাভূমি হিসেবে চিহ্নিত করার ফলে বহু পরিবার বাসস্থান ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাভূমির গুরুত্ব অনস্বীকার্য। একইসঙ্গে জলাভূমি অঞ্চলে বসবাসকারী মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করাও সমানভাবে জরুরি। বর্তমানে সাধারণ পাকা শৌচালয় নির্মাণ, নতুন বাড়ি তৈরির অনুমতি এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রেও প্রশাসনিক বাধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আধুনিক যুগে যেখানে বিদ্যুৎ অপরিহার্য, সেখানে নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা অযৌক্তিক ও মানবিক অধিকারের পরিপন্থী।

আমরা জলাভূমির প্রকৃত চরিত্র সংরক্ষণের পক্ষে। তবে যথাযথ ও বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়া কোনও জনপদকে জলাভূমির অন্তর্ভুক্ত ঘোষণা করা উচিত নয়। জলাভূমির প্রকৃত সীমা নির্ধারণ করে পরিবেশ রক্ষা এবং মানুষের বাস্তু-অধিকার—দুইয়ের মধ্যে সমন্বয় সাধনের দাবি জানানো হচ্ছে।

ধর্মতলা, পাঁড়ুইপাড়া, কুলতেড়িয়া, বেতগাছি, হাটগাছা ও বামনগাছা প্রভৃতি এলাকার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। তাই সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

আয়োজকদের প্রধান দাবিগুলো হল:

১) জমির শ্রেণী (শালি, বাগান, ডাঙা ইত্যাদি) পুনর্বিবেচনা ও প্রয়োজনে সংশোধন করতে হবে।

২) বাড়ি নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন দিতে হবে।

৩) নতুন বিদ্যুৎ সংযোগ অবিলম্বে চালু করতে হবে।

৪) পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ নিশ্চিত করতে হবে।

৫) প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো (কলেজ ও হাসপাতাল) স্থাপন করতে হবে।

যোগাযোগের জন্য ১)রণজিৎ মন্ডল – 9874922645, ২) বাসুদেব মন্ডল – 8013861029, ৩) রাজু মন্ডল – 8697403874 ও ৪) নির্মল সরকার – 7003014745।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande