
বিলোনিয়া (ত্রিপুরা), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় শতবর্ষ প্রাচীন ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন (বিকেআই) বিদ্যালয়ে অগ্নিকাণ্ড। আগুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও পরীক্ষাকক্ষ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে নষ্ট হয়েছে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক মেশিন, জেরক্স মেশিন, ফ্রিজ, কম্পিউটার, আলমারি সহ গুরুত্বপূর্ণ বইপত্র ও নথিপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা।
জানা গেছে, রবিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে দমকল বিভাগে খবর দেন।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যালয়ের গেটে তালা থাকায় পরপর পাঁচটি তালা কেটে ভিতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে বিদ্যালয়ের বাকি অংশ রক্ষা পায়।
প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ