
খোয়াই (ত্রিপুরা), ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মঙ্গলবার জেলাভিত্তিক ফ্ল্যাগশিপ প্রকল্প ও অন্যান্য উন্নয়নমূলক স্কিমের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ ও সমবায় মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মহল।
সভায় তিনি জেলার বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং বিভিন্ন দফতরের আধিকারিকদের অসমাপ্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধার সুফল পৌঁছে যাবে।
তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সুদূরপ্রসারী চিন্তাধারার ফলেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে উন্নয়নের মূল স্রোতে আনতে ডোনার মন্ত্রক গঠন করা হয়। চলতি অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত সচিত্র উপস্থাপনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক অশোক কুমার, অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
সভা শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিভিন্ন সমবায় সংস্থা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবহিত হন। পরে তিনি তুলাশিখর ব্লকে টি.আর.এল.এম.-এর লাখপতি দিদিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্যাদের উৎপাদিত পণ্য পরিদর্শন করেন।
এছাড়াও তিনি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট, স্ব-সহায়ক গোষ্ঠী পরিচালিত সংযোগ ক্যান্টিন, একটি পাম অয়েল উৎপাদন ক্ষেত্র, খোয়াইয়ের বাগান আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শনে প্রশাসনিক দলের সঙ্গে জেলার ছয়টি ব্লকের বিডিও ও বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ