
কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি. স. ) : স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনের মামলায় বুধবার বিধাননগর নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছে বিধাননগর কমিশনারেট। কিন্তু পুলিশের দেওয়া দেওয়া সেই চার্জশিটে দেখা যাচ্ছে ‘রহস্যজনকভাবে’ নাম নেই অপসারিত ও অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের!
আগামী ৬ তারিখ তা জমা পড়বে বারাসত আদালত। পাঁচ অভিযুক্তের নাম থাকলেও ‘নাটের গুরু’ বলে অভিযুক্তর নাম না থাকায় প্রশ্ন উঠছে, আড়ালে থেকে এখনও কি প্রভাব খাটাচ্ছেন প্রশান্ত? আর সেই কারণেই এফআইআরে নাম থাকা সত্ত্বেও চার্জশিটে নাম বাদ?
সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনের মামলায় রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গতমাস অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যেই তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলেও নির্দেশে জানায় আদালত।
কিন্তু এই নির্দেশের পর থেকেই বেপাত্তা প্রশান্ত বর্মন। পুলিশ নাকি তাঁর খোঁজ পাচ্ছে না! এর মধ্যেই বিধাননগর আদালতে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিট জমা দিল পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত