
হাওড়া, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে মনের জোর আর পাড়া -প্রতিবেশীদের সহযোগিতায় এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে সক্ষম হল এক ছাত্রী। হাসমিন নামে ওই পরীক্ষার্থী দীর্ঘদিন ধরেই পেটের জটিল সমস্যায় ভুগছিল। প্রায় ছয় মাস ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে দেখিয়েও সঠিক রোগ নির্ণয় সম্ভব না হলেও পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অসুখ ধরা পড়ে এবং চিকিৎসা শুরু হয়। গত শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে বাবার ইচ্ছা ছিল না যে সে এ বছর পরীক্ষায় বসুক। কিন্তু নিজের দৃঢ় মানসিকতা ও এক বছর নষ্ট না করার সংকল্পে সে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।পরীক্ষার প্রথম দিনই ভীষণ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন এলাকার যুবকরা ও প্রতিবেশীরা। এরপরই তারা এগিয়ে এসে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়ি পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেন। তাদের সহযোগিতাতেই পরবর্তী পরীক্ষাগুলিতে অংশ নেওয়া সম্ভব হয় হাসমিনের পক্ষে। ছাত্রীর মা জানান, মেয়ের ইচ্ছাশক্তিই তাকে এই কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। অন্যদিকে পাড়ার যুবকদের বক্তব্য, এমন মানসিক জোর থাকলে যে কোনো ছাত্রছাত্রীর পাশে তারা ভবিষ্যতেও একইভাবে দাঁড়াবেন। এই ঘটনায় এলাকাজুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়