
কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রথম দু'দিনে বিশ্বকাপে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো খেলেছে। কিন্তু আগে ব্যাট করে এই দলগুলোর কেউই ২০০ রানের ঘর ছুঁতে পারেনি। অবশেষে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০০ রানের দেখা পেল আজ সপ্তম ম্যাচে।
কলকাতায় ইতালির বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড করেছে ৪ উইকেটে ২০৭। যা এবারের আসরের প্রথম দুই শ তো বটেই, টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনও সহযোগী সদস্য দেশেরও সর্বোচ্চ।
রেকর্ড গড়া ম্যাচটিতে রান তাড়ায় নামা ইতালিকে ১৩৪ রানে থামিয়ে ৭৩ রানের বড় জয় পেয়েছে স্কটল্যান্ড।
অফ স্পিন বোলিংয়ে ১৭ রানে ৪ উইকেট নেন লিস্ক। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এবারের আসরে স্কটিশদের এটি দ্বিতীয় ম্যাচ হলেও ইতালির প্রথম ছিল। এবারই প্রথম বিশ্বকাপে খেলছে ইউরোপের দেশটি।
স্কোর বোর্ড:
স্কটল্যান্ড:
২০ ওভারে ২০৭/৪ (মানসি ৮৪, ম্যাকমুলেন ৪১*, জোনস ৩৭; হাসান ১/২১)।
ইতালি: ১৬.৪ ওভারে ১৩৪ (বেন ম্যানেত্তি ৫২, হ্যারি ম্যানেত্তি ৩৭, স্মাটস ২২; লিস্ক ৪/১৭, ওয়াট ২/২৪)।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি