
বড়গড়, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : অনূর্ধ্ব-২৩ কর্নেল সি. কে. নাইডু ট্রফিতে ওড়িশাকে হারাল বাংলা। ম্যাচের নির্যাস হলো—দুই ইনিংসেই আয়ুষের জোড়া শতরান এবং ইরশাদ আলম ও রোহিতের বিধ্বংসী বোলিং।
অনূর্ধ্ব-২৩ কর্নেল সি. কে. নাইডু ট্রফিতে (এলিট) দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। বড়গড়ের বিকাশ মাঠে সোমবার ওড়িশাকে ১০২ রানে হারিয়েছে শশাঙ্ক সিংয়ের নেতৃত্বাধীন বাংলা দল। প্রথম ইনিংসে বাংলার ৩৪৩ রানের জবাবে ওড়িশা করেছিল ৩২১ রান। এরপর এদিন বাংলা ৫১ ওভারে ৯ উইকেটে ২৭১ রান তোলার পর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে।
ম্যাচের উল্লেখযোগ্য বিষয় হলো, দুই ইনিংসেই শতরান হাঁকালেন বাংলার ওপেনার আয়ুষ কুমার সিং। তিনি দ্বিতীয় ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সৌজন্যে ১৫৬ বলে ১২৯ রান করেন। ওড়িশার হয়ে ওম নেন পাঁচটি উইকেট। এরপর জয়ের জন্য প্রয়োজনীয় রান তাড়া করতে নেমে ৫৬.২ ওভারে ওড়িশার দ্বিতীয় ইনিংস ১৯১ রানে গুটিয়ে যায়। ওড়িশার পক্ষে শ্রেয়াংশ ভরদ্বাজ করেন সর্বাধিক ৪০ রান। বাংলার হয়ে বল হাতে দ্বিতীয় ইনিংসে ইরশাদ আলম ও রোহিত দুজনেই পাঁচটি করে উইকেট তুলে নেন।
প্রসঙ্গত, ইরশাদ প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন। ম্যাচে তাঁর মোট উইকেটের সংখ্যা ১০।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত