
বারাসাত, ১০ মার্চ (হি. স.) : বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনার ঘটনার জেরে ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। সোমবার বারাসাতের হেলাবটতলা এলাকায় পরিবর্তন যাত্রা চলাকালীন ভাঙচুর ও হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।অভিযোগ, পরিবর্তন যাত্রা হেলাবটতলা এলাকায় পৌঁছালে তৃণমূল কংগ্রেসের অটো ইউনিয়ন অফিসে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সেখানে উপস্থিত কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থকের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে মোট ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।মঙ্গলবার দুপুরে ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাকে ঘিরে বারাসাতের হেলাবটতলা এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়