
ধর্মনগর (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : ভারতের খাদ্য নিগম (এফসিআই)-এর ধর্মনগর ফুড স্টোরেজ ডিপো (এফএসডি) -তে হামলার ঘটনার জেরে দুইটি ট্রাককে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। আগরতলাস্থিত এফসিআই ডিভিশনাল অফিস থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত এই গাড়ি দুটি আর দেশের কোনও এফসিআই ডিপোতে প্রবেশ বা কাজ করতে পারবে না।
জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ধর্মনগর এফএসডি অফিস চত্বরে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ডিপো ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি ধর্মনগর থানায় জানানো হয়। অভিযোগ অনুযায়ী, হ্যান্ডলিং ও ট্রান্সপোর্ট কন্ট্রাক্টের অধীনে কাজ করা টিআর০২এ১৭৯০ নম্বরের ট্রাক চালক রাজিব আলি এবং টিআর০১কে১৭৭১ নম্বরের ট্রাক চালক লিটন মিয়া ডিপোর কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে কাজে বাধা সৃষ্টি করেন। পরবর্তীতে তাঁরা লোহার রড ও ইট দিয়ে এফসিআই কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। নিরাপত্তা কর্মী গণেশ দেববর্মা লোহার রডের আঘাতে আহত হন। এছাড়া এফএসডি ধর্মনগরের কিউসি ম্যানেজার গৌরব বশিষ্ঠ মাথায় ইটের আঘাত পেয়ে গুরুতর জখম হন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে এফসিআই কর্তৃপক্ষ উক্ত দুই ট্রাককে অবিলম্বে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মালিকদের নামে নিবন্ধিত অন্য কোনও গাড়িও ভারতের কোনও এফসিআই ডিপোতে প্রবেশ বা কাজ করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে চুক্তি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে ধর্মনগর এফসিআই গুদামে অনিয়মের অভিযোগে আরও চারজন শ্রমিককে সমস্ত এফসিআই কাজকর্ম থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— রুপু নন্দী, ফকরুল ইসলাম, দীপক কুমার সিং এবং সুদীপ দেবনাথ।
জানা যায়, গত বছরের ১০ নভেম্বর উত্তর জেলার জেলা শাসকের পক্ষ থেকে এফসিআই কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, ধর্মনগর এফএসডি গুদাম থেকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)-এর খাদ্যশস্য উত্তোলনের সময় কয়েকজন শ্রমিক লোডিং কাজে বাধা সৃষ্টি করছেন এবং অতিরিক্ত অর্থ দাবি করছেন।
এই অভিযোগের ভিত্তিতে এফসিআই তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন ১৯ নভেম্বর ত্রিপুরা সরকারের খাদ্য এবং পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং কয়েকজন শ্রমিকের নাম উঠে আসে।
পরবর্তীতে গত ১৩ জানুয়ারি এফসিআই-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাকে শোকজ নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনপ উত্তর না পাওয়ায় অভিযুক্ত চার শ্রমিককে অবিলম্বে এফসিআই-এর সব ধরনের কাজ থেকে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের পরিবর্তে নতুন চারজন শ্রমিক নিয়োগ করার কথাও বলা হয়েছে।
এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে শ্রমিকদের একাংশ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। ফলে খাদ্য দফতরের বিভিন্ন রেশন দোকানে খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ। তিনি ডিপোর অফিস ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং দ্রুত কর্মবিরতি প্রত্যাহার করে ডিপোর স্বাভাবিক কার্যক্রম চালু করার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের রেশন সামগ্রী সরবরাহ স্বাভাবিক থাকে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ