
আগরতলা, ১০ মার্চ (হি.স.) : তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মঙ্গলবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে দোল উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দফতর নিরন্তর কাজ করে যাচ্ছে। বসন্ত উৎসবের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বৈচিত্র্যময় ও মিশ্র সংস্কৃতির প্রসার এবং সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ত্রিপুরার অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন জাতি-জনজাতির বৈচিত্র্যময় সংস্কৃতি। এই ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দফতর বছরব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এর ফলে রাজ্যের শিল্পীরাও তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।
মেয়র আরও বলেন, প্রায় এক শতাব্দী আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে বসন্ত উৎসবের সূচনা করেছিলেন, তা আজ আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে। বসন্ত ঋতুকে কেন্দ্র করে আয়োজিত এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মধ্যে মিলন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, দোল উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে দৃঢ় করে। জীবনে নানা সুখ-দুঃখ থাকলেও এই উৎসব একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।
এদিন তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান, দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন মহকুমাতেও দোল উৎসব উদযাপন করা হচ্ছে। রাজ্যের শিল্পীদের উৎসাহিত করতে দফতর সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। পাশাপাশি রাজ্যের জাতি-জনজাতির মিশ্র সংস্কৃতিকে বহিঃরাজ্যে তুলে ধরতে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিরও আয়োজন করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ