
গুরুগ্রাম, ১০ মার্চ (হি.স.): হরিয়ানার গুরুগ্রামের একাধিক স্কুলে মঙ্গলবার আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। খালিস্তানিদের নামে একটি হুমকি ই-মেলের মাধ্যমে এই বার্তা পাঠানো হয় বলে জানা গেছে। ঘটনার পরই পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি সতর্ক হয়ে বিভিন্ন স্কুলে তল্লাশি অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ই-মেলে দাবি করা হয় যে, স্কুল ভবনের ভিতরে বোমা রয়েছে। একই সঙ্গে হুমকি দিয়ে বলা হয়েছে, হরিয়ানা বিধানসভায় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি-কে খালিস্তানি গণভোটকে সমর্থন করতে হবে, নচেৎ প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
হুমকির খবর পেয়ে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিরাপত্তার স্বার্থে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়। শ্রেণিকক্ষ সহ গোটা স্কুল চত্বর খতিয়ে দেখা হলেও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
ই-মেলে খালিস্তান ন্যাশনাল আর্মির নাম উল্লেখ করে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য