
আগরতলা, ১০ মার্চ (হি.স.) : সমাজসেবামূলক উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস দফতর। রাজধানী আগরতলায় ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত দফতরের হেডকোয়ার্টারে এই মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দফতরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, প্রাক্তন অধিকর্তা উত্তম মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে দফতরের বহু কর্মী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
এই উদ্যোগ প্রসঙ্গে যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী জানান, ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস দফতর সবসময়ই সমাজের কল্যাণে কাজ করে। রক্তদান শিবিরও সেই সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। তিনি বলেন, রক্তদান করলে যেমন মানুষের জীবন রক্ষা করা সম্ভব, তেমনি রক্তদাতার শরীরেও নানা উপকার হয়। নিয়মিত রক্তদান করলে শরীরে নতুন রক্ত তৈরি হয় এবং বিভিন্ন রোগের ঝুঁকিও কমে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ