
দাসপুর, ১০ মার্চ (হি.স.): পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম আশিস কুমার জানা (২৮)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দাসপুর থানার অন্তর্গত লক্ষ্মণচক এলাকায় আশিসের দেহ তাঁর নিজের ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের তরফে জানানো হয়েছে, আশিস অবিবাহিত ছিলেন। তিনি তাঁর বাবার সঙ্গে ভিন রাজ্যে কাজ করতেন এবং দিন কয়েক আগেই বাড়ি ফিরেছিলেন। মঙ্গলবার সকালে স্বাভাবিকভাবেই প্রাতরাশ সেরেছিলেন তিনি, কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি