
আগরতলা, ১০ মার্চ (হি.স.) : আসন্ন ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি রাজনীতিতে আবারও ধাক্কা খেল তিপ্রা মথা। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা প্রদ্যোত কিশোর দেববর্মার ঘনিষ্ঠ নেতা গুরুপদ দেববর্মা ৫৫টি পরিবারের প্রায় ২৭৫ জন ভোটারকে নিয়ে বিজেপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার আগরতলায় বিজেপি-এর রাজ্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে গুরুপদ দেববর্মার নেতৃত্বে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান প্রদেশ বিজেপি-এর সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। পরে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, টিটিএএডিসি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাহাড়ে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে তিপ্রা মথা।
বিপিন দেববর্মা বলেন, গত সাত দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি-এর যোগদান সভায় তিপ্রা মথা থেকে একাধিক কর্মী ও সমর্থক বিজেপিতে শামিল হচ্ছেন। মঙ্গলবারও ৫৫টি পরিবারের প্রায় ২৭৫ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগ দেন।
উল্লেখ্য, গুরুপদ দেববর্মা তিপ্রা মথার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অন্যতম ছিলেন। তিনি তিপ্রাল্যান্ড স্টেট পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে প্রদ্যোত কিশোর দেববর্মার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন টিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্তরঞ্জন দেববর্মা, হেজামারা ব্লক কমিটির কোষাধ্যক্ষ উষা রঞ্জন দেববর্মা, ওয়াইটিএফ-এর মান্দাই ব্লকের সাংগঠনিক সম্পাদক পুদিনা দেববর্মা এবং মান্দাই ব্লক সম্পাদক দিলীপ দেববর্মা।
রাজনৈতিক মহলের মতে, এই যোগদানপর ফলে মান্দাই এলাকায় বিজেপি-এর সংগঠন আরও শক্তিশালী হবে এবং আসন্ন টিটিএএডিসি নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ