
কলকাতা, ১০ মার্চ (হি. স.): পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ঘোষণা করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি তরুণ ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজ্যের আসন্ন নির্বাচনে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে মঙ্গলবার একাধিক উদ্যোগের কথা জানিয়েছে কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে মোট প্রায় ৭ কোটি ৮ লক্ষ নাম নথিভুক্ত রয়েছে। বর্তমানে প্রক্রিয়ধীন আবেদনগুলি বাদ দিলে মোট যোগ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ১০৯। নির্বাচন পরিচালনার জন্য রাজ্যে ৮০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র গড়ে তোলা হবে, যার মধ্যে প্রায় ৬১ হাজার কেন্দ্র গ্রামীণ এলাকায় অবস্থিত। প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকবে, যাতে কমিশনের আধিকারিকরা সরাসরি নজরদারি চালাতে পারেন। এছাড়া রাজ্যে ১০ হাজারের বেশি সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্র এবং ৬৩৪টি মডেল ভোটকেন্দ্র গড়ে তোলা হবে।
তরুণ ভোটারদের উৎসাহ দিতে প্রতিটি বিধানসভায় সহকারী নির্বাচনী নথিভুক্তি আধিকারিকরা বিভিন্ন কলেজে প্রচার চালাবেন। বর্তমানে রাজ্যে ১৮-১৯ বছর বয়সী প্রায় ৫.২৩ লক্ষ এবং ২০-৩০ বছর বয়সী প্রায় ১ কোটি ৩১ লক্ষ ভোটার রয়েছেন। অন্যদিকে, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যে ৮৫ বছরের বেশি বয়সী প্রায় ৩.৭৮ লক্ষ এবং শতবর্ষ পেরোনো ৬ হাজারের বেশি ভোটারের জন্য ঐচ্ছিক ‘হোম ভোটিং’ বা বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধা থাকবে। প্রতিটি বুথে র্যাম্প, হুইলচেয়ার, পানীয় জল, স্বাস্থ্য শিবির, হেল্প ডেস্ক এবং পর্যাপ্ত আলো ও ছায়ার ব্যবস্থা রাখা হচ্ছে।
ভোটের স্বচ্ছতা বজায় রাখতে ‘ইসিআই নেট’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটের হার এবং ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত