পরপুরুষের সঙ্গে স্ত্রীর পলায়ন, বিলোনিয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গুরুতর আহত স্বামী
বিলোনিয়া (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : পরপুরুষের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হলেন এক যুবক। মঙ্গলবার সকালে দক্ষিণ ত্রিপুরার সীমান্ত মহকুমা বিলোনিয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বর
আহত যুবক হাসপাতালে


বিলোনিয়া (ত্রিপুরা), ১০ মার্চ (হি.স.) : পরপুরুষের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হলেন এক যুবক। মঙ্গলবার সকালে দক্ষিণ ত্রিপুরার সীমান্ত মহকুমা বিলোনিয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত ওই যুবক আগরতলায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, আহত যুবকের নাম সাধন ধর। প্রায় আট বছর আগে সামাজিকভাবে তাঁর বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বিলোনিয়া শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি। অভিযোগ, সোমবার দুপুরে দুই শিশুসন্তান ও স্বামীকে বাড়িতে রেখে পরপুরুষের সঙ্গে পালিয়ে যান তাঁর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় সাধন ধর ও তাঁর আত্মীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও খোঁজ না পেয়ে রাতে বাড়িতে ফিরে আসেন। পরে রাতে ফোন করে ওই গৃহবধূ জানান, তিনি অন্যত্র বিয়ে করে নিয়েছেন। এই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন সাধন ধর।

মঙ্গলবার সকালে বিলোনিয়া রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। এতে তাঁর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা খবর দিলে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাধন ধরকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জিবিপি হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত সাধন ধরের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande