
নদিয়া, ১১ মার্চ (হি.স.): নদিয়া জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পার করার চেষ্টার অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সীমান্ত সুরক্ষা সংস্থাগুলি বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর এক বরিষ্ঠ আধিকারিক বুধবার জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। তিনি আফগানিস্তানের নিমরোজ প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে নদিয়া জেলার ফতেপুর সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় তাঁকে পাকড়াও করা হয়। ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় কোনও বৈধ নথি তাঁর কাছে ছিল না। এমনকি তাঁর কাছে বাংলাদেশের কোনও পরিচয়পত্রও পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার নদিয়া জেলার রানাঘাট আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বর্তমানে তিনি নদিয়া জেলার হাঁসখালি থানার পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, সীমান্ত এলাকায় তাঁর আসার উদ্দেশ্য কী ছিল এবং কার সহযোগিতায় তিনি আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করছিলেন, সে বিষয়ে অভিযুক্ত কোনও স্পষ্ট তথ্য দিতে পারেননি। তিনি কোন পথে প্রথমে বাংলাদেশে পৌঁছালেন এবং সেখান থেকে ভারতে আসার চেষ্টা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি