কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ, আগরতলায় আটক বাংলাদেশি যুবক
আগরতলা, ১১ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলা শহর লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে লংকামুড়া বর্ডার আউটপোস্টের জওয়ানরা তাঁকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত
বাংলাদেশি নাগরিক আটক


আগরতলা, ১১ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলা শহর লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে লংকামুড়া বর্ডার আউটপোস্টের জওয়ানরা তাঁকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত যুবকের নাম সাইমন মিয়া। তাঁর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তবে তাঁর সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাঁকে ধরতে বিএসএফ ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে লংকামুড়া সীমান্ত এলাকায় ৪২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় তাঁরা দেখতে পান দুই যুবক কাঁটাতারের বেড়ার ফাঁক গলে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করছে। বিষয়টি নজরে আসতেই জওয়ানরা তাঁদের পিছু ধাওয়া করেন। ধাওয়া করে পশ্চিম আগরতলা থানাধীন জয়পুর সীমান্ত এলাকা থেকে এক যুবককে আটক করতে সক্ষম হন বিএসএফ জওয়ানরা। তবে অপর যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ধৃত যুবকের নাম সাইমন মিয়া এবং তাঁর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত অন্যান্যদের নাম জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে পালিয়ে যাওয়া অপর বাংলাদেশি যুবককে ধরতে জয়পুর সীমান্ত এলাকায় বিএসএফ ৪২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি পশ্চিম আগরতলা থানার পুলিশও রামনগর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande