
দেউলমোড়, ১০ মার্চ (হি. স.) : ব্যস্ত সময়ে বড়সড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের একটি গার্ডওয়াল। বুধবার সকালে দেউলমোড় এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আপাতত কলকাতা থেকে বর্ধমানগামী লেনে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সার্ভিস রোড দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে এবং তাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে একের পর এক যানবাহন চলাচল করছিল। সেই সময় আচমকাই রাস্তার ধারের গার্ডওয়ালটির একটি বড় অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। হঠাৎ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টি নজরে আসে ডিউটিতে থাকা হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পার। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা দ্রুত উদ্যোগ নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলির গতিপথ পরিবর্তনের ব্যবস্থা করেন। তাঁদের তৎপরতার ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ভেঙে পড়া অংশ পরীক্ষা করে দ্রুত মেরামতির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গার্ডওয়াল ধসের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়