
ঝাড়গ্রাম, ১১ মার্চ (হি.স.): ভোটের আগে বড়সড় মাদক পাচারচক্রের পর্দাফাঁস করল ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রায় এক কুইন্টাল গাঁজা সহ একটি লরি আটক করে চালক ও খালাশিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম নিতাই বর্মন। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায়। অপর ধৃত রাজা দাস, বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানা এলাকায়।
মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ গোপন সূত্রে খবর পেয়ে ৪৯ নম্বর জাতীয় সড়কের ফাঁসিতলা এলাকায় নাকা চেকিং শুরু করেন। সেই সময় মুম্বই থেকে কলকাতাগামী একটি সন্দেহজনক লরিতে সাব-ইন্সপেক্টর উমাশঙ্কর পইড়ার-এর নেতৃত্বে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে লরির ভিতর থেকে একাধিক প্যাকেটে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর লরিটি আটক করে থানার আইসি-কে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আইসি কৌশিক সাউ। তাঁর সঙ্গে ঝাড়গ্রামের যুগ্ম বিডিও-ও উপস্থিত ছিলেন।
পুলিশ লরিটি বাজেয়াপ্ত করেছে এবং ধৃত দু’জনকে গ্রেফতার করেছে। বুধবার তাঁদের ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাসে ৪৯ নম্বর জাতীয় সড়কে লরির মাধ্যমে অবৈধ গাঁজা পাচারের একাধিক ঘটনা ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো