
দুর্গাপুর, ১১ মার্চ (হি.স.) : জয়দেব খাঁ-কে ঘিরে রাজনৈতিক বিতর্কের মাঝেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তেওয়ারি। বুধবার তিনি তৃণমূল নেতা তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
জিতেন্দ্র তেওয়ারী বলেন, “নরেন নিজেই শিল্পাঞ্চলের সবচেয়ে বড় কয়লা মাফিয়া। বিজেপিতে কেউ এলেই তাকে মাফিয়া বলা হচ্ছে। কিন্তু তোমার ব্যক্তিগত অনুষ্ঠানে জয়দেব খাঁ কবে গিয়েছিল, সেই সব ছবিও আমাদের কাছে রয়েছে। প্রয়োজনে তা প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি বিতর্কিত ব্যবসায়ী জয়দেব খাঁ-কে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়।
বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, বিজেপি একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও অন্যদিকে কয়লা মাফিয়াদের আশ্রয় দিচ্ছে। তাঁর দাবি, শিল্পাঞ্চলে অশান্তি তৈরির উদ্দেশ্যেই এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের দলীয় পদে আনা হচ্ছে।
তৃণমূলের এই অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে জিতেন্দ্র তেওয়ারী বলেন, “জয়দেব খাঁ-র বাড়িতে কতবার ইডি বা সিবিআই হানা দিয়েছে? কতবার তাকে তলব করা হয়েছে? প্রত্যেকেরই নিজের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী দল বেছে নেওয়ার অধিকার রয়েছে। জয়দেব খাঁ বিজেপিকে পছন্দ করেন, তাই তিনি এই দলে যোগ দিয়েছেন।”
তিনি আরও দাবি করেন, আসানসোল-পান্ডবেশ্বর এলাকার মানুষ নরেন্দ্রনাথ চক্রবর্তীর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে অবগত এবং আগামী দিনে তার জবাব মিলবে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা