
উদয়পুর (ত্রিপুরা), ১১ মার্চ (হি.স.) : দীর্ঘদিন ধরে গোমতী জেলার উদয়পুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দখল করে ব্যবসা চালানোর অভিযোগের প্রেক্ষিতে অবশেষে অভিযানে নামল জেলা প্রশাসন। বুধবার জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শহরের জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, উদয়পুরের সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড ও জামতলা সহ শহরের একাধিক এলাকায় দীর্ঘ বছর ধরে রাস্তার উপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন কিছু ব্যবসায়ী। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই রাস্তা খালি করেননি। এরই প্রেক্ষিতে বুধবার অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন যেসব ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছিলেন, তাঁদের অবিলম্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন দোকানদারের রাস্তার উপর রাখা সামগ্রী প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হয়।
গোমতী জেলার জেলা শাসক রিংকু লাথের জানান, যেসব ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছেন, তাঁদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
বুধবারের এই অভিযানে জেলা শাসক রিংকু লাথের, মহকুমা শাসক প্রদীপ সরকার, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং উদয়পুর পুর পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উদয়পুর শহরের সাধারণ মানুষ। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে ব্যবসা করার ফলে যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে শহরের রাস্তাঘাট স্বাভাবিক হবে বলেই আশা প্রকাশ করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ