
কলকাতা, ১১ মার্চ (হি. স.): রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন (মাস কমিউনিকেশন) বিভাগের চতুর্থ সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণ ও সমীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। বিভাগীয় প্রধান ড. দেবজ্যোতি চন্দের নেতৃত্বে শিক্ষক, গবেষক এবং পড়ুয়ারা এই ভ্রমণে অংশগ্রহণ করেছেন। শিমুলতলার ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন এবং স্বাস্থ্য পরিকাঠামোর মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা নিবিড় সমীক্ষা চালিয়ে গবেষণামূলক প্রবন্ধ প্রস্তুত করছেন।
বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ মার্চ বিকেলে শিক্ষার্থীরা শিমুলতলায় পৌঁছান। মঙ্গলবার সকালে ছাত্র-ছাত্রীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে ক্ষেত্র সমীক্ষার কাজে নেমে পড়েন। তাঁদের গবেষণায় প্রবাসী বাঙালিদের সংস্কৃতিগত অভিযোজন, জনশূন্য বাগান বাড়ি বা ‘কোঠি’গুলির সাংস্কৃতিক গুরুত্ব এবং বিভিন্ন অলৌকিক গুজবের বাস্তব ভিত্তি অনুসন্ধানের মতো বিষয়গুলি উঠে এসেছে। এক সময় স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিখ্যাত ‘সিমলার ছোট সংস্করণ’ হিসেবে পরিচিত শিমুলতলার বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর তুলনামূলক আলোচনাও করছেন শিক্ষার্থীরা।
সন্ধ্যার দিকে স্থানীয় একটি নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলা ও গ্রামীণ উৎসবের ওপর সমীক্ষা চালানো হয়। আগামী ১৬ মার্চ পর্যন্ত এই মেলা চলবে। এদিন পড়ুয়ারা জনপ্রিয় লাট্টু পাহাড় এবং শিমুলতলা রাজবাড়িও পরিদর্শন করেন। শিক্ষিকা অঙ্কিতা ভট্টাচার্যের তত্ত্বাবধানে একদল শিক্ষার্থী স্থানীয় পঞ্চায়েত প্রধান রামদেব যাদবের সাক্ষাৎকার নিয়ে এলাকার বর্তমান প্রশাসনিক ও সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। অন্যদিকে, শিক্ষক সুদীপ্ত পাল এবং সৌরভ সাহার সহায়তায় শিক্ষার্থীরা পর্যটক, স্থানীয় প্রবীণ বাসিন্দা ও সাংবাদিকদের সাক্ষাৎকার নেন।
বুধবার শিমুলতলা থেকে সরাসরি ফোনে বিভাগীয় প্রধান ড. দেবজ্যোতি চন্দ জানান, সাংবাদিকতার পড়ুয়াদের জন্য এই ধরনের হাতে-কলমে অনুশীলন অত্যন্ত জরুরি। এটি তাঁদের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধি এবং পেশাদার দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষভাবে সহায়তা করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত