(রাউন্ড আপ) কয়লা পাচার মামলায় হাজিরা না দেওয়ায় সমন টাঙাল ইডি, দুর্গাপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে অভিযান
দুর্গাপুর, ১১ মার্চ (হি.স.): কয়লা পাচার মামলায় হাজিরা না দেওয়ায় আবারও দুর্গাপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার অম্বুজা নগরীতে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়
(রাউন্ড আপ) কয়লা পাচার মামলায় হাজিরা না দেওয়ায় সমন টাঙাল ইডি, দুর্গাপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে অভিযান


দুর্গাপুর, ১১ মার্চ (হি.স.): কয়লা পাচার মামলায় হাজিরা না দেওয়ায় আবারও দুর্গাপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার অম্বুজা নগরীতে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে রাখে।

ইডি সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা বাড়িতে পৌঁছে গেটেই একটি নোটিস টাঙিয়ে দেন। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাজিরা দিতে হবে। বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে এ নিয়ে তৃতীয়বার সমন পাঠানো হল।

এদিনও বাড়ির ভিতরে নথিপত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, কয়লা পাচার চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং প্রোটেকশন মানি হিসেবে মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে এই অর্থ আদায়ের বিষয়ে একাধিক ডিজিটাল প্রমাণ ইডির হাতে এসেছে বলে দাবি।

উল্লেখ্য, এর আগে তদন্তের স্বার্থে একাধিক ব্যবসায়ীর বাড়ি ও কিছু প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট-সহ বিভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহ করেছে ইডি। সেই সূত্রেই কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ-কে গ্রেফতার করা হয়।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারিও এই মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় বাজেয়াপ্ত নথির ভিত্তিতে তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য বারবার সমন পাঠানো হয়। তবে শারীরিক অসুস্থতা বা অন্য কারণ দেখিয়ে তিনি সেই হাজিরা এড়িয়ে যান বলে অভিযোগ।

এদিকে সম্প্রতি পুলিশ কমিশনারেটের বদলির নির্দেশিকায় বুদবুদ থানার ওসি পদ থেকে তাঁকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে পুনর্বহাল করা হয়েছে। তদন্তে অসহযোগিতার অভিযোগেই ফের তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

তবে এদিন ইডি আধিকারিকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande