তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের নিরাপত্তা হ্রাস, ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক জল্পনা
কলকাতা, ১১ মার্চ (হি. স.): তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আচমকাই তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে জান
তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের কমল রক্ষী


কলকাতা, ১১ মার্চ (হি. স.): তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আচমকাই তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়েই বিধায়কের পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ছয়জন পুলিশকর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিককেও (পিএসও) সরিয়ে নেওয়া হয়েছে বলে বুধবার দাবি করেছেন স্বয়ং বিধায়ক।

​বর্তমানে সৌমেন মহাপাত্রের নিরাপত্তায় কলকাতা পুলিশের দুই জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একজন কর্মী মোতায়েন রয়েছেন। ভোটের মুখে শাসকদলের একজন প্রভাবশালী বিধায়কের নিরাপত্তায় এমন কাটছাঁট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, তমলুকের বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি রাজ্য বিধানসভার ‘লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটি’র চেয়ারম্যান পদেও আসীন। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেও এতদিন তিনি পাইলট কার-সহ অন্যান্য নিরাপত্তা সুবিধা পাচ্ছিলেন।

​হঠাৎ নিরাপত্তা প্রত্যাহারের কারণ নিয়ে প্রশ্ন উঠলেও এখনই প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চাননি সৌমেনবাবু। তিনি জানান, কেন তাঁর নিরাপত্তারক্ষী সরানো হলো সে বিষয়ে তিনি অন্ধকারে। তবে বিষয়টি তিনি ইতিমধ্য়েই দলকে জানিয়েছেন এবং আগামী ১২ মার্চ সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলবেন। বর্তমানে তাঁর সঙ্গে থাকা বাকি পুলিশকর্মীরাও কতদিন মোতায়েন থাকবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা ও গুঞ্জন তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande