টিটিএএডিসি নির্বাচন : কলাছড়ায় বামফ্রন্টের মিছিল ও জনসভা
সাব্রুম (ত্রিপুরা), ১১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট। এরই অংশ হিসেবে
বামফ্রন্টের মিছিল ও জনসভা


সাব্রুম (ত্রিপুরা), ১১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট। এরই অংশ হিসেবে বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার কলাছড়া বাজার এলাকায় বামফ্রন্টের উদ্যোগে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়।

বামফ্রন্ট মনোনীত প্রার্থী বার্জুং ত্রিপুরা ও ঊচাথৈই মগ-এর সমর্থনে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় কালাপানিয়া পার্ক এলাকা থেকে। সেখান থেকে লাল পতাকা হাতে কর্মী-সমর্থকদের একটি মিছিল কলাছড়া হাসপাতাল পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারীরা টিটিএএডিসি এলাকার উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।

পরে কলাছড়া বাজার এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং টিটিএএডিসি প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা সম্পাদক অরুন ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, বাসুদেব মজুমদার, সুধন দাস, পরীক্ষিত মুরাসিং সহ দলের নেতা-কর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, টিটিএএডিসি ও রাজ্যের শাসকদল মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে সাধারণ মানুষ হতাশ বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ এবং মাঠে নেমে প্রচার শুরু করে বামফ্রন্ট আগামী টিটিএএডিসি নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে সক্রিয় করার বার্তা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande