
বাঁকুড়া, ১১ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের অভাবে কেমিস্ট্রি ল্যাবরেটরির গ্যাস সিলিন্ডার ব্যবহার করে মিড ডে মিলের রান্না করতে বাধ্য হল স্কুল কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে।
বুধবার বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের রান্নাঘরে মজুত থাকা রান্নার গ্যাসের সমস্ত সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় বুধবার কেমিস্ট্রি ল্যাবরেটরির একমাত্র সিলিন্ডার ব্যবহার করেই মিড ডে মিলের রান্না করা হয়। স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৫০ জন পড়ুয়া রয়েছে। এর মধ্যে গড়ে প্রতিদিন প্রায় ৩৫০ জন পড়ুয়া মিড ডে মিল খায়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই সংখ্যক পড়ুয়ার জন্য মাসে প্রায় ৬ থেকে ৭টি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি নতুন সিলিন্ডার বুকিংয়ের জটিলতা এবং স্কুলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে মজুত গ্যাস শেষ হয়ে যায়। মঙ্গলবারই মিড ডে মিলের জন্য রাখা শেষ সিলিন্ডারটিও ফুরিয়ে যায়। ফলে বিকল্প ব্যবস্থা না থাকায় ল্যাবরেটরির গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই রান্না করতে হয়।
তবে এর ফলে কেমিস্ট্রি ল্যাবরেটরি এখনও কার্যত গ্যাসশূন্য হয়ে পড়েছে। ল্যাবের সেন্ট্রাল পাইপলাইনের মাধ্যমে ওই সিলিন্ডার থেকে গ্যাস সরবরাহ করে প্র্যাকটিক্যাল ক্লাস চালানো হত। এখনও সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্র্যাকটিক্যাল ক্লাস ও উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিকল্প ব্যবস্থা খুঁজতে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট