
নদিয়া, ১০ মার্চ (হি. স.) : নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত চর ব্রহ্মনগর এলাকায় ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে এক অজ্ঞাতপরিচয় মহিলা হাতে কাপড়চোপড় বাঁধা একটি বস্তা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় বলে দাবি করেন এলাকাবাসীরা। বিষয়টি নজরে আসতেই কয়েকজন স্থানীয় বাসিন্দা তার গতিবিধি লক্ষ্য করতে শুরু করেন এবং পরে তাকে আটকান।এরপর মহিলাকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ও অসংগতিপূর্ণ কথা বলতে থাকেন। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে এলাকার মানুষ নবদ্বীপ থানায় খবর দেন।খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ছেলে ধরা সংক্রান্ত কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়