
নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): আকাশপথে ভ্রমণের খরচ আরও বাড়তে চলেছে। পশ্চিম এশিয়ার অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারে বিমান জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া ও তাদের সহযোগী উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস । সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক— সব ধরনের উড়ানেই বাড়তি ‘ফুয়েল সারচার্জ’ দিতে হবে যাত্রীদের।
উড়ান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই খরচ হয় জ্বালানিতে। বর্তমানে সংঘর্ষের আবহে বিমান জ্বালানির দাম লাফিয়ে বেড়েছে। এয়ার ইন্ডিয়ার দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংক্রান্ত অনিশ্চয়তা ও আকাশছোঁয়া দামের যে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই যাত্রীদের ওপর এই সারচার্জ আরোপ করা হচ্ছে।
সংস্থার ঘোষণা অনুযায়ী, ১২ মার্চ থেকে বুক করা প্রতিটি ডোমেস্টিক বা ঘরোয়া উড়ানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। এই একই নিয়ম কার্যকর হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা ‘সার্ক’ ভুক্ত দেশগুলির সংযোগকারী বিমানের ক্ষেত্রেও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক রুটেও জ্বালানি সারচার্জে পরিবর্তন আনা হচ্ছে। গন্তব্য অনুযায়ী এই চার্জের পরিমাণ আলাদা হবে।
পশ্চিম এশিয়ার বিমানে প্রতি টিকিটে ১০ ডলার সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার ক্ষেত্রে এই চার্জ ৩০ থেকে বেড়ে ৯০ ডলার পর্যন্ত হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ার উড়ানে ২০ থেকে ৬০ ডলার পর্যন্ত সারচার্জ ধার্য করা হয়েছে। ১২ মার্চ থেকে সিঙ্গাপুরে যাতায়াতকারী বিমানেও এই সংশোধিত সারচার্জ কার্যকর হবে। বর্তমানে ওই রুটে কোনও জ্বালানি সারচার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী এই চার্জ আবার পর্যালোচনা করা হতে পারে বলেও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি