
এর্নাকুলাম, ১১ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেরলের এর্নাকুলামের এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের শেহজাদা দেশের অগ্রগতি দেখতে পান না। প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের কেরলমের যুবসমাজের উপর, দেশের যুবসমাজের সম্ভাবনার উপর কোনও আস্থা নেই। কংগ্রেসের রাজপুত্র জানেনই না যে, ভারতের যুবসমাজ এখন ড্রোন তৈরিতে কতটা অসাধারণ কাজ করছে। কংগ্রেস নেতা জানেনই না, ভারতের অনেক কোম্পানি ড্রোন তৈরি করছে। তিনি জানেনই না যে কেরলমের তরুণ স্টার্টআপগুলি ড্রোন তৈরি করছে। যারা তাদের নিজস্ব ছোট বৃত্তের মধ্যে সীমাবদ্ধ তারা দেশের উন্নয়ন দেখতে পাবে না।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, বিকশিত কেরলমের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হল পর্যটন, প্রতিভা এবং প্রযুক্তির জন্য নতুন সুযোগ তৈরি করা। কিন্তু একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরে, এলডিএফ এবং ইউডিএফ কেরলমকে তার যুব সম্ভাবনা থেকে বঞ্চিত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন পশ্চিম এশিয়ায় কী ঘটছে তা নিয়ে আপনাদের সকলেরই উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন সেখানে কাজ করেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এখন বিজেপি-এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে। যখনই আমাদের কোনও দেশবাসী সমস্যায় পড়েছেন, আমরা তাদের রক্ষা করার জন্য আমাদের সমস্ত শক্তি ব্যবহার করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ