
নয়ডা, ১১ মার্চ (হি.স.): নয়ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক এমবিএ পড়ুয়াকে মারধরের অভিযোগে চার ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর-১২৬ থানা এলাকায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, হরীশ শর্মা নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর ছেলে সৌম্য শর্মা নয়ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রথম বর্ষে পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেখানে উপস্থিত কয়েকজন ছাত্রের সঙ্গে তার বচসা হয়।
অভিযোগ অনুযায়ী, সৌম্যের বন্ধু আরিয়ান মোগা জানিয়েছেন, তিনি বিষয়টি মেটানোর জন্য ওই ছাত্রদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা হঠাৎই তাঁর ওপর হামলা চালায় এবং মারধর করে গুরুতর জখম করে।
সেক্টর-১২৬ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেশ কুমার জানান, অভিযোগের ভিত্তিতে প্রীত মান, বিশঙ্ক খাত্রি, প্রিয়াংশু মান এবং তরুণ বশিষ্ঠের নামে চার ছাত্রের বিরুদ্ধে মারধর-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য